নেত্রপ্রকাশ ডেস্ক
শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে নেত্রকোণায় অনুষ্ঠিত হলো 'ব্যবসায়ী সম্মেলন ২০২৬'।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আইবিডব্লিউএফ নেত্রকোণা জেলা শাখার সভাপতি জনাব সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক অডিট কমিটি চেয়ারম্যান জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের মাননীয় সংসদ সদস্য ও সংগঠনের জেলা উপদেষ্টা প্রফেসর মাছুম মোস্তফা এমপি। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় কমিটির ট্রেজারার জনাব মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, কেন্দ্রীয় অফিস সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ এবং ময়মনসিংহ জোনের সভাপতি জনাব শামসুদ্দুহা মাছুম।
অনুষ্ঠানে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ তৈরি ও পেশাগত উন্নয়নের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান মোটিভেশনাল স্পিকার, স্টার্ট আপমাইন্ড টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও বিজনেসমেন কনসালটেন্ট জনাব হোসাইন আল মামুন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কিবরিয়া চৌধুরী (হেলিম) এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন,দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তি দিতে সৎ, দক্ষ ও কল্যাণমুখী ব্যবসায়ী সমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সমস্যা সমাধান ও নতুন উদ্যোক্তা তৈরিতে আইবিডব্লিউএফ সব সময় পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মাছুম মোস্তফা এমপি বলেন, "নেত্রকোণার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। জেলা ভিত্তিক শিল্পায়ন ও ব্যবসার সার্বিক উন্নয়নে আমরা সব ধরণের সহযোগিতা নিশ্চিত করব।
সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও আইবিডব্লিউএফ-এর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।