Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

হোয়াইক্যং যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে R15M মোটরসাইকেল ও ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

হোয়াইক্যং যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে R15M মোটরসাইকেল ও ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা ও একটি Yamaha R15M মোটরসাইকেলসহ মোঃ রায়হান (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। 

এতে হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা অংশ নেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ সময় রায়হান একটি Yamaha R15M মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো ও পুরোনো ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।

 পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ হুমায়ুন কবির ও এসআই (সঃ) কৃষ্ণ চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগে রাখা ৯ হাজার ৬৫৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 উদ্ধারকৃত ইয়াবার ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটক রায়হান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ সেলিম।

পরে উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। 

তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF