Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম প্রকাশ: Nov ১১, ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
মোঃ নোমান খান 
নিজস্ব সংবাদদাতা 


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের নেতারা।

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করায় তুরস্ককে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। রোহিঙ্গাদের প্রতি তুরস্কের ধারাবাহিক সমর্থন ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুরস্কের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের কথাও স্মরণ করেন। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির বিষয়টি তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনেতাদের সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন এবং অভিযোজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার কথা রয়েছে তাঁর।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF