আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা সংস্কার, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন পুনর্গঠন এবং শিক্ষা, চাকরি ও ব্যবসাসহ সব ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের জন্য সমান অধিকার ও বৈষম্যহীন নীতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। এ সময় সংগঠনের উত্থাপিত দাবিসমূহ ও সুপারিশমালা নিয়ে প্রকাশিত বইয়ের প্রচারপত্রও বিতরণ করা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ভূমি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও সকল সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জেলা ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পার্বত্য অঞ্চলের বিদ্যমান সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে বাস্তবসম্মত নীতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন পিসিএনপির আহ্বায়ক সদস্য রবিউল হোসেন (খাগড়াছড়ি), আহ্বায়ক কমিটির সদস্য রবিউল হোসেন (মাটিরাঙ্গা), পানছড়ি উপজেলা সভাপতি মো. আব্দুল খালেক, দীঘিনালা উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, জেলা শাখার সদস্য সাগর আহমেদ (গঞ্জপাড়া) এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর আলম হীরা।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (তারেক), পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রবিষয়ক সম্পাদক ওসমান আহমেদ ও সাবেক সভাপতি সুমন আহমেদসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উত্থাপিত দাবিসমূহ ও সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। পাশাপাশি দাবি আদায়ে ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন।