মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ
নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর-দেওয়ানবাজার রোডে অবস্থিত একটি ধানের গুদামে চালের টিন কেটে ভেতরে ঢুকে ২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে 'মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স' নামের একটি প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক মো: মোজাম্মেল হোসেন (সোহাগ) প্রতিদিনের ন্যায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে চোর চক্র গুদামের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে ভেতরে থাকা ক্যাশ বাক্স ভেঙে নগদ ২ লক্ষ ১ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।
আজ রবিবার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার পর চালের টিন কাটা এবং ক্যাশ বাক্স ভাঙা দেখে চুরির বিষয়টি টের পান মালিক ও আশপাশের লোকজন।
প্রতিষ্ঠানটির মালিক মো: মোজাম্মেল হোসেন (সোহাগ) জানান, প্রতিদিনের ব্যবসার লভ্যাংশ ও ধান ক্রয়ের জন্য ক্যাশ বাক্সে নগদ টাকা রাখা ছিল। চোর চক্র তার ক্যাশ বাক্স ভেঙে ২ লক্ষ ১ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, জনবহুল এই রোডে এমন চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃসালাউদ্দিন করিম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।