আশিকুর রহমান,নিজস্ব প্রতিবেদক:
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও সুপারিশ না পাওয়া প্রার্থীরা শতভাগ শূন্যপদ যুক্ত করে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা কলেজ পর্যায়ে ৭৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
রোববার (১২ জুলাই ২০২৬) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুর কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন প্রার্থীদের প্রতিনিধি খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন মুনিয়া তাসনিম, মিনু আক্তার, মাসুদ রানা, নিপা আক্তার, শাকিল মিয়া ও অনন্যা রানী।
তাদের অভিযোগ, এনটিআরসিএর শূন্যপদের বিপরীতে ১৮তম নিবন্ধনে ৬০ হাজার ৩৬৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হলেও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ অন্তর্ভুক্ত না করায় এবং পূর্বে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় অনেক যোগ্য প্রার্থী সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি জানান, দ্রুত শতভাগ শূন্যপদ যুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ, বঞ্চিতদের নিয়োগ নিশ্চিত না করে নতুন নিবন্ধন সার্কুলার প্রকাশ না করা এবং সনদের মেয়াদ থাকা পর্যন্ত সব চূড়ান্ত উত্তীর্ণ সুপারিশবঞ্চিত প্রার্থীকে নিয়োগের আওতায় আনার।