Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা সাগরে ভেসে আসা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা সাগরে ভেসে আসা মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মরদেহটি সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে, সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে ছিল। পরে দুর্গন্ধ পেয়ে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানায় বিষয়টি জানান। 
পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর ধারণা, এটি রোহিঙ্গা কোনো ব্যক্তির মরদেহ হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করা যায়নি"।

শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল আমিন বলেন, "দুপুরে বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে গিয়ে দেখেন, পোশাকবিহীন একটি অর্ধগলিত মরদেহ বেড়িবাঁধের সঙ্গে আটকে আছে। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। তাঁরও ধারণা, এটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো রোহিঙ্গার মরদেহ হতে পারে"।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও ০৯ জন নিখোঁজ রয়েছেন। 

উদ্ধার হওয়া এই মরদেহটি সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF