বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি:
স্বর্ণ ব্যবসার অন্তরালে অবৈধ সুদের কারবার, প্রতারণা ও ব্লাংক চেক জালিয়াতির ফাঁদ পেতে খাগড়াছড়িতে শত শত পরিবারকে নিঃস্ব করার গুরুতর অভিযোগ উঠেছে কথিত স্বর্ণ ব্যবসায়ী সঞ্জীব কুমার বণিকের বিরুদ্ধে। সুদাসলে ঋণের পুরো টাকা পরিশোধের পরও বন্ধকি স্বর্ণালংকার ও দলিল ফেরত না দিয়ে উল্টো গ্রাহকদের নামেই কোটি টাকার চেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না পেয়ে অনেক পরিবার আজ সহায়-সম্বলহীন।
অনুসন্ধানে জানা যায়, খাগড়াছড়ি জেলা শহরের 'প্রিয়া জুয়েলার্স'-এর মালিক সঞ্জীব কুমার বণিক দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা চালিয়ে আসছেন। বিপদে পড়া অসহায় মানুষদের অল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে তিনি স্বাক্ষরযুক্ত ফাঁকা (ব্ল্যাংক) চেক, সাদা স্ট্যাম্প, জমির দলিল ও স্বর্ণালংকার জামানত হিসেবে রেখে দিতেন। পরবর্তীতে ভুক্তভোগীরা চুক্তি অনুযায়ী আসল ও চড়া সুদ পরিশোধ করে জামানত ফেরত চাইলে তা দিতে টালবাহানা শুরু করেন তিনি। একপর্যায়ে ওই ফাঁকা চেকে ১০ লাখ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত ইচ্ছামতো অঙ্ক বসিয়ে ব্যাংক থেকে ডিজঅনার করিয়ে আদালতে মামলা ঠুকে দেন সঞ্জীব।
শহরের বলপেইয়ে পাড়া, ইসলামপুর, ঠাকুরছড়াসহ বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় এমন একাধিক জালিয়াতির চিত্র।
ভুক্তভোগী সুরেন্দ্র ত্রিপুরা জানান, পারিবারিক প্রয়োজনে তার স্ত্রী ২ লাখ টাকা ঋণ নিয়ে সাড়ে ৩ লাখ টাকা পরিশোধ করেন। এরপরও চেক ও জমা রাখা স্বর্ণ ফেরত চাইলে সঞ্জীব তার নামে ৪৭ লাখ টাকার দুটি মিথ্যা মামলা দায়ের করেন এবং আদালত চত্বরে প্রাণনাশের হুমকি দেন।
একই ধরনের কষ্টের কথা জানান মনিকা রানী দাশ। তিনি বলেন, "১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে পরিশোধ করার পরও অতিরিক্ত টাকার দাবিতে ৭ লাখ টাকার মামলা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাবার দেওয়া একমাত্র বসতভিটা বিক্রি করে ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়েও মুক্তি মেলেনি। মামলা আজও তোলা হয়নি।
ঠাকুরছড়ার বাসিন্দা শতাব্দী ত্রিপুরা ও অন্য এক ত্রিপুরা নারী জানান, সুদে-আসলে সমুদয় পাওনা শোধ করার পরও তাদের স্বামীদের নামে বিপুল অঙ্কের ডিজঅনার মামলা দেওয়া হয়েছে। এমনকি স্থানীয় রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও পরে সঞ্জীব তা অমান্য করে মামলা ও হুমকি বজায় রাখেন।
আরেক নারী ভুক্তভোগী অভিযোগ করেন, স্বর্ণ বন্ধক রেখে ঋণ শোধ করতে গেলে তার কাছে অন্যায্যভাবে ১২ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে তার ফার্মেসির কর্মচারীকে দিয়ে কৌশলে দুটি ব্লাংক চেক চুরি করিয়ে ১৫ লাখ ও ২০ লাখ টাকার দুটি মামলা দেন সঞ্জীব। পরবর্তীতে সিআইডি তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, চেক দুটি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছিল।
জুয়েলারি ব্যবসার আড়ালে এমন জালিয়াতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, "সুদী সঞ্জীবের ফাঁদে পড়ে অসংখ্য পরিবার আর্থিকভাবে ধ্বংস হয়ে গেছে। বিষয়টি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
তবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) খাগড়াছড়ি শাখার আহ্বায়ক সঞ্জয় পাল বলেন, "ঘটনাটি সম্পর্কে আমরা অবগত থাকলেও সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।"
এ বিষয়ে অভিযুক্ত সঞ্জীব কুমার বণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, "সব মামলা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।"
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, "অবৈধ সুদের কারবার পুরোপুরি বেআইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।"