শ্রীপুর উপজেলা প্রতিনিধ :আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে মাদক, ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১-এর উদ্যোগে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) শ্রীপুর উপজেলা ক্ষণিকা সভাকক্ষে র্যাব-১-এর সিপিএসসি আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন। সভায় মাদক ও সামাজিক অপরাধের বিস্তার রোধে করণীয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া। এতে র্যাব-১ পোরাবাড়ি ক্যাম্পের কমান্ডার ইফতেখারসহ র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একইভাবে ইভটিজিং, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মাদক ব্যবসা ও সেবন, ইভটিজিং কিংবা নারী ও শিশু নির্যাতনের মতো কোনো অপরাধের ঘটনা চোখে পড়লে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয় সভা থেকে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় উপস্থিত জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা শ্রীপুরকে মাদক, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধমুক্ত করতে র্যাব, পুলিশ ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, শুধু অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধই পারে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে।