হাবিবুল ইসলাম
স্টাফ রিপোর্টার
:
নেত্রকোণার আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. রাহাত হোসেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।
এলাকায় ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিত মো. রাহাত হোসেন দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন বলে দাবি তাঁর সমর্থকদের।
চেয়ারম্যান নির্বাচিত হলে তেলিগাতী ইউনিয়নে ন্যায়বিচার নিশ্চিত, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাহাত হোসেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।
সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। তিনি তেলিগাতী বিএনএইচকে একাডেমির সাবেক সভাপতি, তেলিগাতী মাদক ও চুরি প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা, তেলিগাতী উন্নয়ন ফোরাম এবং তেলিগাতী সচেতন নাগরিক কমিটির সঙ্গে দায়িত্বশীলভাবে সম্পৃক্ত রয়েছেন।
মো. রাহাত হোসেন বলেন, “তেলিগাতী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে তেলিগাতীর উন্নয়ন আরও এগিয়ে যাবে।