Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম প্রকাশ: Nov ১১, ২০২৬

শ্রীপুরে গহিন জঙ্গলে চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৩

শ্রীপুরে গহিন জঙ্গলে চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৩
শ্রীপুর প্রতিনিধি 


: গাজীপুরের শ্রীপুরে আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদসহ তিনজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পোসাইদ এলাকার জঙ্গলঘেরা একটি স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। মাদক সেবনের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানায়।

অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মোট ৯ ড্রাম মদ উদ্ধার করা হয়। এর মধ্যে পরিপূর্ণ ৬ ড্রাম দেশীয় চোলাই মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় মদ তৈরির ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে এসআই আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF