Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়িতে ৩ বিজিবির সমন্বয় সভা

সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়িতে ৩ বিজিবির সমন্বয় সভা
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-



আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে পাহাড়ি এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় ৩ বিজিবির কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. শাহ আলম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, আনসার-ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার লিটন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

সভায় সেপ্টেম্বর মাসে পাহাড়ি অঞ্চলে সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলার বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পাহাড়ি এলাকায় সেপ্টেম্বর মাসে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে আগাম প্রস্তুতির পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।

তিনি বলেন, “যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।”

সভায় অংশ নেওয়া বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরেন। দুর্গম এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, জনসচেতনতা বাড়ানো এবং গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ সময় স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সঠিক ও দ্রুত তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে পানছড়ি এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF