Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম প্রকাশ: Nov ১১, ২০২৬

গফরগাঁওয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও হুমকির অভিযোগ:

গফরগাঁওয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রবাসীকে মারধর ও হুমকির অভিযোগ:
রাকিবুল হাসান আহাদ।



ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে মারধর, প্রাণনাশের হুমকি এবং ফাঁকা স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত আহসান উল্লাহ উপজেলার দীঘাপুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বিরুদ্ধে শুধু মারধরই নয়— জমি দালালি, কোচিং বাণিজ্য ও নিয়মিত স্কুলে না আসার মতো গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
তবে শিক্ষক আহসান উল্লাহ ও তাঁর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধোপাঘাট গ্রামের সৌদি প্রবাসী বেলাল হোসেন (পাসপোর্ট নং- EK0792459) গত ২৪ এপ্রিল দেশে আসেন। গত ৬ জুন সকালে নিজ জমিতে চারা রোপণ করতে গেলে শিক্ষক আহসান উল্লাহর নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ১০ জুন পর্যন্ত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকেন। এ ঘটনায় তিনি গফরগাঁও থানায় মামলা (মামলা নং-৭, তারিখ: ১০/০৬/২০২৬) দায়ের করেন এবং পরবর্তীতে জেলা পুলিশ সুপার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ জমা দেন।

ভুক্তভোগী প্রবাসী বেলাল হোসেন বলেন, "আহসান উল্লাহ শিক্ষকতার আড়ালে জমি দালালি ও কোচিং বাণিজ্যে লিপ্ত। তিনি নিয়মিত স্কুলে যান না। আমাদের জমির বিরোধে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ করার পরও আমাকে জোরপূর্বক ধরে নিয়ে ৩০০ টাকার (১০০ টাকার ৩টি) খালি স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। আমি এই অন্যায়ের বিচার চাই।"
এদিকে এলাকাবাসীর পক্ষ থেকেও শিক্ষক আহসান উল্লাহর বিরুদ্ধে স্কুলে অনিয়মিত থাকা ও কোচিং বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

তবে এসব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে দীঘাপুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মার্জিয়া খাতুন বলেন, "আহসান উল্লাহ মাস্টার নিয়মিত স্কুলেই আসেন। উনি খুবই ভালো মানুষ এবং দায়িত্বশীল একজন শিক্ষক।"

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক আহসান উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার এক ভাই ইউএনও (ইউএনও অফিসে) উল্লেখিত বিষয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।" আর জোরপূর্বক খালি স্টাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি "সব মিথ্যা কথা" বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বর্তমানে প্রবাসী বেলাল হোসেন ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন জানিয়ে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF