আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার পর সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি পুনরায় চালু করা সম্ভব না হলে সৌদি আরবের রপ্তানিযোগ্য তেলের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক তেল ক্রেতা ও ব্যবসায়ীরা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব থেকে জ্বালানি সরবরাহ আরও কমে গেলে বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের ড্রোন হামলার পর সৌদি কর্তৃপক্ষ বাধ্য হয়ে দেশটির অন্যতম প্রধান পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে হামলায় পাইপলাইনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি কতদিন বন্ধ থাকবে—এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি রিয়াদ।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সূত্রগুলোর মধ্যে পাইপলাইন মেরামতের সময় নিয়ে ভিন্নমত রয়েছে। একটি সূত্রের দাবি, ক্ষয়ক্ষতি মেরামতে প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। অন্য একটি সূত্র বলেছে, মেরামত তুলনামূলক দ্রুত শেষ করা সম্ভব হতে পারে এবং কাজ চলাকালীন সীমিত পরিসরে তেল পাম্পিংও পুনরায় চালু করা যেতে পারে।
আন্তর্জাতিক তেল ব্যবসায়ীদের আশঙ্কা, সৌদি আরবের তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে বিশ্ববাজারে প্রতিদিনের তেল সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিতে পারে। এতে জ্বালানির দাম আরও বাড়ার পাশাপাশি বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হওয়ায় দেশটির তেল অবকাঠামোয় দীর্ঘস্থায়ী কোনো সংকট তৈরি হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।