Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

কলমাকান্দায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা

কলমাকান্দায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে স্বর্ণালংকার ও টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা
নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে সুকৌশলে ও প্রতারণার মাধ্যমে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের লক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং প্রবাসীর পাঠানো টাকা আত্মসাতের অভিযোগে বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার কৈলাটি ইউনিয়নের হারিগাতী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মামলার বিবরণে ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, উপজেলার হারিগাতী গ্রামের প্রবাসী মো. জালাল মিয়ার স্ত্রী মোসা. পারভিন আক্তার (৩৮) গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেড়াতে যাওয়ার নাম করে বাপের বাড়ি যাওয়ার কথা বলেন। এই সুযোগে তিনি শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীদের অজান্তে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে স্বর্ণালংকার সংগ্রহ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামির কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে— শাশুড়ি ও স্বজনদের কাছ থেকে নেওয়া দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, প্রতিবেশী সোহাদা আক্তারের ৮ আনা ওজনের চেইন, সুবর্ণা আক্তারের ৫ আনা ওজনের গলার চেইন, রোকেয়া আক্তারের ৪ আনা ওজনের স্বর্ণের চুড়ি এবং মেহেরবানুর ১.৫ ভরি ওজনের গলার চেইনসহ সর্বমোট ২ ভরি ১৩ আনা স্বর্ণালংকার। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬,৪৬,০০০ (ছয় লাখ ছেচল্লিশ হাজার) টাকা। এছাড়া প্রবাসী স্বামী জালাল মিয়ার পাঠানো ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকাও অতিরিক্ত খরচ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর দীর্ঘ আড়াই মাস ধরে অভিযুক্ত পারভিন আক্তার টালবাহানা শুরু করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়। শালিসে অভিযুক্ত ও তার বাবা স্বর্ণালংকার ও টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময় নিলেও পরবর্তীতে তা অস্বীকার করেন এবং উল্টো ভুক্তভোগীদের খুন-জখমের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মাজেদা আক্তার বাদী হয়ে পারভিন আক্তারসহ তিনজনকে আসামি করে কলমাকান্দা আমলী আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় সি.আর মামলা (নম্বর: /২০২৬) দায়ের করেন। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচার দাবি করেছেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF