মদন (নেত্রকোনা) প্রতিনিধি -শেখ আসাদুজ্জামান মাসুদ।
সীমিত সম্পদ আর প্রতিকূলতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার মদন উপজেলার কৃতি সন্তান তানবীর।
গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) রাজধানী ঢাকার হাতিরঝিলে আয়োজিত আন্তর্জাতিক ‘টার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন’-এ অংশগ্রহণ করে প্রায় ৬ হাজার দেশি-বিদেশি অ্যাথলেটের মধ্যে ৭.৫ কিলোমিটারে ৪র্থ স্থান অর্জন করেছেন মদনের তানবীর আহম্মেদ।
১৭টি দেশের প্রখ্যাত রানারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৃহৎ আসরে তানবীরের এই সাফল্য পুরো নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে। তবে এই অর্জনের পেছনের গল্পটি সহজ ছিল না। প্রত্যন্ত হাওর অঞ্চল থেকে উঠে আসা তানবীরের ছিল না কোনো প্রাতিষ্ঠানিক কোচিং, প্র্যাকটিস সুবিধা কিংবা আধুনিক অ্যাথলেটিক্স সরঞ্জাম। যেখানে অনেক প্রতিযোগী উন্নত প্রশিক্ষণ ও ১৫-২০ হাজার টাকার জুতা পরে অংশ নিয়েছেন, সেখানে কোনো দিক-নির্দেশনা ছাড়াই মাত্র ৮০০ টাকার সাধারণ জুতা পায়ে লড়াই করে এই অভাবনীয়ও একাধিক ইন্টারন্যাশনাল পর্যায়ে সাফল্য অর্জন করে তানবীর আহম্মেদ।
নিজের অনুভূতি ও উপজেলার ক্রীড়াঙ্গন নিয়ে তানবীর বলেন_- আমার উপজেলায় কোনো রানিং কমিউনিটি বা কোচ নেই। একা একা অনুশীলন করেই আজ এতদূর এসেছি। যদি সঠিক দিক-নির্দেশনা পেতাম, তাহলে হয়তো বার বার চ্যাম্পিয়ন ট্রফিটাই অর্জন করে আমার উপজেলাতে আনতে পারতাম। কিছু কিছু ভুল-ত্রুটি ও দিক-নির্দেশনার কারণে বার বার চ্যাম্পিয়ন ট্রফির কাছাকাছি গিয়েও আমার পিছনে ফিরে আসতে হয়। মদন উপজেলায় যদি একটি সুসংগঠিত রানিং কমিউনিটি গড়ে তোলা যায়, তবে এখানকার তরুণরা মাদক/জুয়াও বিভিন্ন অপকর্ম ছেড়ে খেলাধুলায় এগিয়ে আসবে এবং বিশ্বমঞ্চেও বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।
কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা না পেয়েও কেবল আত্মবিশ্বাস আর প্রাবল্যকে সম্বল করে তানবীরের এই লড়াই প্রমাণ করে—ইচ্ছাশক্তি থাকলে পথ তৈরি করা সম্ভব। তানবীরের এই অর্জন এখন মদন উপজেলার উদীয়মান তরুণ ও শিশুদের জন্য এক অনুপ্রেরণার মূর্ত প্রতীক।
উন্নয়নের ওপর জোর দিয়ে তানবীর আহম্মেদ স্থানীয় জনপ্রতিনিধি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। হাওরাঞ্চলের উদীয়মান অ্যাথলেটদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং আঞ্চলিক রানিং কমিউনিটি গড়ে তোলার জোর দাবি জানান তানবীর আহম্মেদ।