শহীদুল ইসলাম শাহেদ
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ৩৪ বিজিবি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
৩৪ বিজিবি জানায়, চেকপোস্টের তল্লাশিদল বিজিবির প্রশিক্ষিত ডগ ‘জন’-এর বিশেষ দক্ষতার মাধ্যমে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজিতে থাকা মো. সাদ্দাম হোসেন (২৭) ও মো. জান্নাতউল্লা (৩৪) নামে দুইজনকে আটক করা হয়।
আটক সাদ্দাম হোসেন উখিয়ার কোটবাজার এলাকার বাসিন্দা এবং জান্নাতউল্লা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে তাদের কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।