Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

শাল্লায় মধ্যরাতে স্লোগান দিয়ে সংবাদের শিরোনামে ৭ কিশোর: রাজনীতির প্যাঁচে বন্দি শিক্ষাজীবন, দুশ্চিন্তায় অভিভাবক

শাল্লায় মধ্যরাতে স্লোগান দিয়ে সংবাদের শিরোনামে ৭ কিশোর: রাজনীতির প্যাঁচে বন্দি শিক্ষাজীবন, দুশ্চিন্তায় অভিভাবক
তৌফিকুর রহমান তাহের,  প্রতিনিধি, সুনামগঞ্জ:



সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গভীর রাতের এক আবেগ কিংবা ভুলের মাশুল গুনতে হচ্ছে সাতটি উঠতি বয়সের কিশোরকে। মাঝরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ তাদের আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বই-খাতা আর খেলার মাঠ ছেড়ে তারা এখন কারাগারের চার দেয়ালের বন্দি। আটক কিশোরদের পরিবারের চোখে-মুখে এখন শুধু অন্ধকার আর অনিশ্চয়তার ছাপ।
আটককৃতরা সবাই হবিবপুর ও ডুমরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী—অনিক দাস (১৭), বর্ষণ তালুকদার (১৭), সৌমিত্র দাস (১৬), অভি দাস (১৫), রুপম দাস (১৫), দ্বীপ্ত দাস (১৬) ও ইমন দাস (১৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ঘুঙ্গিয়ারগাঁও বাজারের একটি দোকানে খাবারের আড্ডা জমিয়েছিল এই কিশোরেরা। সেখান থেকে ফেরার পথে শাল্লা থানা সড়ক দিয়ে যাওয়ার সময় অনভিপ্রেতভাবে তারা স্লোগান দেয়। ঠিক সেই মুহূর্তে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেন এবং পরবর্তীতে অন্যান্যদের বাসা থেকে আটক করা হয়।
শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, এই কিশোরেরা কেউই রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো দলীয় ভাবধারার সাথে জড়িত নয়। আটক রুপম দাসের মা কান্নাভেজা কণ্ঠে বলেন, "আমার ছেলে নবম শ্রেণির ছাত্র, খেলাধুলা নিয়েই ওর জগত। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা কোনো গভীর বিষয় বোঝার বয়স বা পরিপক্বতা ওদের এখনো হয়নি। কেবলই আবেগ বা না বুঝে করা একটা কাজের জন্য ওদের পুরো ভবিষ্যৎ আজ থমকে গেল।"
এদিকে পুরো শাল্লাজুড়ে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ। সচেতন মহলের মতে, কিশোর বয়সের কোনো ভুল বা আবেগের বশবর্তী হয়ে করা আচরণকে কেবল আইনি কড়াকড়িতে না মেপে, তাদের বয়সের কোমলতা ও সুসংহত ভবিষ্যতের কথা চিন্তা করা জরুরি। নাশকতার চশমা দিয়ে না দেখে, শিক্ষার্থীদের জীবনে সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রাজনীতি কিংবা আইনি জটিলতার সমীকরণ যাই হোক না কেন, একটি মাত্র রাতের অসচেতনতায় সাতটি উদীয়মান তরুণের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার আঁধারে হারিয়ে না যায়—এমনটাই আকুল প্রত্যাশা পরিবার ও সুশীল সমাজের।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF