Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, শিক্ষাব্যবস্থাকে দলীয়করণমুক্ত রাখতে হবে – জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি

শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, শিক্ষাব্যবস্থাকে দলীয়করণমুক্ত রাখতে হবে – জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা আয়োজিত সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষকনেতা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তব্যে জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, একটি জাতির পুনর্গঠন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষকসমাজের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা শুধু শিক্ষাদান করেন না, বরং তাঁদের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক।

নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমিও শিক্ষকতা করেছি। শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পেশা।” এ সময় তিনি শিক্ষকদের বদলি ও জাতীয়করণসংক্রান্ত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকসমাজের পেশাগত মর্যাদা ও ন্যায্য প্রত্যাশার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষাখাতে সরকারের বরাদ্দ প্রসঙ্গে তিনি ২০২৬–২৭ অর্থবছরে ১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন, যা তাঁর বক্তব্য অনুযায়ী দেশের মোট জিডিপির ২ শতাংশ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বরাদ্দ শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও কর্মমুখী করে তুলতে ভূমিকা রাখবে।

তিনি বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন।

শিক্ষাব্যবস্থাকে দলীয়করণমুক্ত রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন জনাব বাচ্চু। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং যোগ্য, মানবিক ও দক্ষ নাগরিক তৈরি করা।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা রাখব, আপনারা আগামীর দেশ গঠন ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

শিক্ষকসমাজের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন, কর্মমুখী শিক্ষাব্যবস্থা এবং বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশায় তাঁর বক্তব্যে উঠে আসে জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকার বিষয়টি।

শিক্ষকসমাজের সম্মান প্রতিষ্ঠা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠুক আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF