মোঃ মানিক
নিজস্ব সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং তেরীবাজার এলাকার শাহ আলমের ছেলে মো. সাব্বির আহম্মেদ (২৫)।
জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুইজনের পরিচয় নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে এ হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন ১৬ অক্টোবর রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।