কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ,গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্যস্ততম সফিপুর বাজার এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় হানিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সড়কের ওপর হানিফ মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত হানিফ মিয়া কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তার আকস্মিক মৃত্যুতে বাঁশতলী গ্রামে ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সফিপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হানিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
স্থানীয়রা জানান, সফিপুর বাজার এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই এলাকায় গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক নেত্রপ্রকাশ