আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জেলা প্রতনিধি:
দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছের ঘেরে কাজ করতে গিয়ে রাতুল (কিশোর) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক বিএনপি নেতার মাছের ঘেরে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার এবং দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন এবং একটি মাছের ঘের পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, ওই ঘেরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। শনিবার দুপুরে ঘেরের বৈদ্যুতিক তার মেরামতের জন্য রাতুলসহ তিন কিশোরকে নৌকায় করে সেখানে পাঠানো হয়।
অভিযোগ অনুযায়ী, তিনজন একসঙ্গে বিদ্যুতের তার মেরামতের সময় হঠাৎ সংযোগ চালু হয়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। রিতু ও অপর এক কিশোর সরে যেতে সক্ষম হলেও রাতুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খবর পেয়ে অভিযুক্ত ঘের মালিক ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্বজনদের দাবি, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি থানায় অবস্থান নিয়ে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। তারা অভিযোগ করেন, ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা শঙ্কায় রয়েছেন এবং মরদেহ বুঝে পাওয়াসহ সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নিহতের বাবা, মা ও স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা আমাদের সন্তানের মৃত্যুর সঠিক বিচার চাই। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হোক।”
এ বিষয়ে গফরগাঁও থানার পুলিশ ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত স্বপন মিয়া ও রনির বক্তব্যও জানা সম্ভব হয়নি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দৈনিক নেত্রপ্রকাশ