ঢাকা | বঙ্গাব্দ

সৌদি আরবে প্রবাসী তরুনের মৃত্যু ২৭দিন পর ফিরলো নান্দাইলের সৌরভের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 26
সৌদি আরবে প্রবাসী তরুনের মৃত্যু ২৭দিন পর ফিরলো নান্দাইলের সৌরভের মরদেহ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি


পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার তরুণ মো. মৃদুল হাসান সৌরভ (২৩)। তবে প্রবাসজীবনের ১৬ মাসের মাথায় জন্ডিসে আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর সৌদি আরবে মারা যান তিনি। মৃত্যুর ২৭ দিন পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে তাঁর মরদেহ দেশে ফিরেছে।

সৌরভ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। পরিবারের একমাত্র প্রবাসী সদস্যের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দিশেহারা হয়ে পড়েছিল তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সৌদি আরব থেকে সৌরভের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌরভের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রবাসী শ্রমিকেরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সব সময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে।’

ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌরভের বাবা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, ‘একমাত্র ছেলের মৃত্যুতে আমি কী করব, বুঝে উঠতে পারছিলাম না। কীভাবে মরদেহ দেশে আনব, তা-ও বুঝতে পারছিলাম না। পরে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ছেলের মরদেহ দেশে আনতে পেরেছি।’

শুক্রবার রাতেই সৌরভের মরদেহ তাঁর নিজ বাড়ি নান্দাইলের দেউলডাংরা গ্রামে পৌঁছায়। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল