ঢাকা | বঙ্গাব্দ

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল ‘মানবতার দুর্গ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 19
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল ‘মানবতার দুর্গ ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আশিকুর রহমান 
স্টাফ রিপোর্টার 


‘যতদিন দেহে আছে প্রাণ, মানবতার জন্য লড়ে যান’এই স্লোগানকে ধারণ করে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে নেত্রকোণার কলমাকান্দার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার দুর্গ সমাজকল্যাণ সংগঠন’। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলমাকান্দা সরকারি কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান ও জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্যক্রম বাস্তবায়ন কমিটির সমন্বয়ক রাফিন মুন্না, রক্তদান ও রক্ত সংগ্রহ বিষয়ক সমন্বয়ক রমিজুর রহমান, শিক্ষা বিষয়ক সমন্বয়ক শামীম আহমেদ সৌরভ, নারী ও শিশু বিষয়ক সমন্বয়ক মাসুম শেখ, মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক আরিফ মিয়া, বয়স্কদের কল্যাণ বিষয়ক সমন্বয়ক রিফাত মিয়া, সংকট মোকাবিলা বিষয়ক সমন্বয়ক মুমিন আহমেদ, অসহায় পুনর্বাসন বিষয়ক সমন্বয়ক নুরুল আলম, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক তাজামুল ইসলাম তায়েফ এবং সদস্য আতিক হাসান ও আব্দুল কাইয়ুমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

ক্যাম্পেইন সম্পর্কে কার্যক্রম বাস্তবায়ন কমিটির সমন্বয়ক রাফিন মুন্না বলেন, রক্ত মানুষের জীবনের অপরিহার্য উপাদান। দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসূতি মায়ের চিকিৎসা কিংবা জটিল রোগের চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না। এ কারণে জরুরি মুহূর্তে রোগীর স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসে সংগঠনের মূল কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা শাকিমসহ অন্যান্য সদস্যের মতামতের ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়নের জন্য পৃথক কমিটি গঠন করা হয়।

সংগঠনটি ২০২০ সাল থেকে কলমাকান্দায় বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগে সহায়তা, বৃক্ষরোপণ ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা। একটি ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। একজন মানুষের রক্তের গ্রুপ জানা ভবিষ্যতে কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা শাকিম জানান, মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবান, সচেতন নাগরিক ও তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল