শেখ আসাদুজ্জামান মাসুদ
মদন (নেত্রকোনা )প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর গর্ভবতী করার দায়ে আমানুল্লাহ মাহমুদ সাগর নামের শিক্ষককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনার নবগঠিত ‘শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল’-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুস সালাম এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মামলাটি বিচারের জন্য হাতে পাওয়ার পর নয় কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে এই রায় দেওয়া হলো, যা দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি অনন্য দৃষ্টান্ত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেলের দেওয়া তথ্য মতে, ভুক্তভোগী ১১ বছরের শিশুটি সে একটি মাদ্রাসার ছাত্রী ছিল এবং মামলার প্রধান আসামি, ওই মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর হুজুর তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। এর ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি পরিবারের নজরে এলে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, শিশুটির গর্ভে থাকা সন্তানের বায়োলজিক্যাল পিতা ওই শিক্ষক আমানুল্লাহ মাহমুদ।
পিপি আরও জানান, এই ট্রাইব্যুনালে মামলাটি আসার পর দুই মাসের (৬০-৬২ দিন) মধ্যে এবং কার্যকরী নয় কার্যদিবসে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে বিচারকাজ শেষ হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আসামির বড় ভাই মাইমুন ইসলাম মামুন মিয়ার বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও, পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আনিসুর রহমান, তবে রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।
এই রায়ের অন্যতম যুগান্তকারী ও মানবিক দিক হলো ভুক্তভোগী শিশু ও তার নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষা। আদালতের আদেশে বলা হয়েছে, শিশুটির গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ভরণপোষণ, চিকিৎসা ও শিক্ষার সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তবে রাষ্ট্র চাইলে সরকারি পাওনা আদায়ের প্রচলিত নিয়মে দোষী সাব্যস্ত আসামির ব্যক্তিগত সম্পদ থেকে এই ব্যয়ের অর্থ আদায় করে নিতে পারবে।
রায় ঘোষণার সময় বিচারক মোহাম্মদ আব্দুস সালাম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বিভিন্ন আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসাগুলোতে শিশুদের ওপর যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের ওপর তিনি জোর দেন।
এ প্রসঙ্গে বিচারক ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বনাম বাংলাদেশ সরকার মামলায় মহামান্য হাইকোর্টের দেওয়া যৌন হয়রানি প্রতিরোধমূলক নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন।
নেত্রকোনার নবগঠিত ‘শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল’-এর দ্রুত বিচার ও মানবিক রায় সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি গভীর আস্থা ও নতুন আশার সঞ্চার করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সুরক্ষা নিশ্চিতে এই রায় শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শেখ আসাদুজ্জামান মাসুদ