ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সহায়তা বিতরণ করা হয়। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় চার বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় চারটি ওয়ালটন জালি ফ্যান ও একটি ১০০ ওয়াটের হামকো ব্যাটারি দেওয়া হয়।
এ ছাড়া ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াটের হামকো ব্যাটারি বিতরণ করা হয়।
এর পাশাপাশি একজন অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। পরিবেশ ও সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়েছে।
৩ বিজিবি সূত্র জানায়, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রতিষ্ঠানগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে বিজিবি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
স্থানীয়রা ৩ বিজিবি ও লোগাং জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।
দৈনিক নেত্রপ্রকাশ