শহীদুল ইসলাম শাহেদ
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) টেকনাফ থানাধীন পশ্চিম লেদা এলাকায় স্থানীয় জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম লেদা এলাকায় ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে স্থানীয় জনসাধারণ আটক করেছে বলে জানতে পারে পুলিশ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা অনুযায়ী টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার মধ্য থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নাহিদসহ অজ্ঞাতনামা আরও পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে এলাকায় প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের সন্দেহ করে ধাওয়া করেন। এ সময় অজ্ঞাতনামা পাঁচজন পালিয়ে গেলেও আব্দুল খালেক প্রকাশ নাহিদকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন।
পরে আটক নাহিদের পরিহিত লুঙ্গির নিচে বিশেষ কৌশলে বহন করা একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় সিএনজির পেছনের সিটের বক্সে তিনটি ওয়ান শুটার গান ও গুলি ফেলে যায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল খালেক প্রকাশ নাহিদের বিরুদ্ধে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা সংশ্লিষ্ট ১৬টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক নেত্রপ্রকাশ