শহীদুল ইসলাম শাহেদ
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ০২ জন মাদক পাচারকারীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি চালান মায়ানমার হতে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে জেলের ছদ্মবেশে থাকা ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৭০০ গজ উত্তর-পূর্ব দিকে চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ১৩০০ ঘটিকা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে আনুমানিক ১৪৩০ ঘটিকায় কয়েকটি মাছ ধরার নৌকা নাফ নদীর তীরে ফিরে আসার সময় বিজিবি’র আভিযানিক দল নৌকাগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময় একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকারী সন্দেহভাজন ০২ জন ব্যক্তিকে নৌকাসহ আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রাথমিকভাবে বিভ্রান্তিকর ও অসংগতিপূর্ণ তথ্য প্রদান করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত নিরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, আটককৃত ব্যক্তিরা মায়ানমার হতে আসা ইয়াবার একটি চালান গ্রহণ করেছে।
পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তায় বিজিবি’র আভিযানিক দল পার্শ্ববর্তী কেওড়া বাগানে দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কেওড়া বাগানের কাদামাটির আনুমানিক ২.৫ ফুট গভীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিগত নিরীক্ষণ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘ সময়ের চিরুনি অভিযানের ফলে মাদকের চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
জব্দকৃত মালামালের বিবরণ নিম্নরূপ ইয়াবা ট্যাবলেট-২০,০০০ পিস হস্তচালিত কাঠের নৌকা-০১টি।
আটককৃত আসামিদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ
মোঃ আয়াছ (৩০), পিতা-জাফর আহমদ, গ্রাম-উত্তর চৌধুরীপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার মোঃ রফিক (২৫), পিতা-জাফর আহমদ, গ্রাম-উত্তর চৌধুরীপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক পাচারকারীরা জেলের ছদ্মবেশ ধারণ কিংবা মাদক লুকানোর জন্য যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি’র গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা এবং সমন্বিত আভিযানিক তৎপরতার মাধ্যমে তাদের অপচেষ্টা প্রতিহত করা হবে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় টেকনাফ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক নেত্রপ্রকাশ