ঢাকা | বঙ্গাব্দ

রাজিবপুরে তীব্র সার সংকট, বেশি দামে জামালপুর-গাইবান্ধা থেকে সার এনে চাষ করছেন কৃষকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 62
রাজিবপুরে তীব্র সার সংকট, বেশি দামে জামালপুর-গাইবান্ধা থেকে সার এনে চাষ করছেন কৃষকরা ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:


কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন নদী বেষ্টিত ও নিম্নাঞ্চল হওয়ায় এখানকার কৃষি চিত্র ভিন্ন। স্থানীয় কৃষকরা ভাদ্র মাসের ১০/১৫ দিন অতিবাহিত হওয়ার পর রোপা আমন ধান রোপণ করে থাকেন। পাশাপাশি ব্যাপক জমিতে ভুট্টা, বাদাম ও বেগুন চাষ হয়। এই চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি। ফলে এই মৌসুমে সারের প্রয়োজন হয় প্রচুর।

কিন্তু সরকার এই মৌসুমে যে পরিমাণ সার বরাদ্দ দিয়েছে, তা দিয়ে কৃষকদের আবাদ অনুযায়ী চাহিদা মেটানো অসম্ভব বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিলারের কাছে ৫ থেকে ৭ দিন লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে কৃষকরা দলবদ্ধ হয়ে পার্শ্ববর্তী জেলা জামালপুর ও গাইবান্ধা থেকে ভিন্ন রূপে বেশি দামে সার এনে জমিতে ব্যবহার করছেন।

কৃষকদের তথ্যমতে, সার ঘর প্রোঃ আঃ হাই ডিলার ভরা এক ট্রাক সার এনে শিবের ডাঙ্গি বাজারে ওপেন বিক্রি করেছেন। মোহনগঞ্জ ইউনিয়নের ফরহাদ ব্যাপারীর মাধ্যমে কৃষকরা প্রায় ৮০০ বস্তা ইউরিয়া এবং ডিএপি সার এবং কোদালকাটি ইউনিয়নের আরিফের মাধ্যমে কামারজানি থেকে প্রায় ৪০০ বস্তা ইউরিয়া ও ডিএপি সার এনে ধান ক্ষেতে ব্যবহার করেছেন। এরূপ ১৫/২০ জনের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে সার এনে ব্যবহার করছেন কৃষকরা।

কৃষকরা জানান, প্রতি বস্তা ইউরিয়া ১৭০০/১৮০০ টাকা এবং ডিএপি ১৯০০/২১০০ টাকা করে ক্রয় করে তারা ধান, ভুট্টা, বাদাম ও বেগুন ক্ষেতে ব্যবহার করছেন। তাদের মতে, জামালপুর ও গাইবান্ধার সার দিয়ে প্রায় ৩০% সংকট নিরসন হচ্ছে। কারণ ওই সব উঁচু এলাকায় আষাঢ় মাসেই রোপা আমন রোপণ করা হয়েছে, এখন আর সারের প্রয়োজন নেই।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, স্বল্প জমির মালিকরা খোলা বাজারে সার না পেয়ে লাইন ধরে ডিলারদের কাছ থেকে সার তুলতে বাধ্য হচ্ছেন। কিন্তু যাদের আবাদি জমি বেশি এবং লোকবল কম, বৃদ্ধ, অসুস্থ ও দুর্বল প্রকৃতির কৃষকরা হুড়াহুড়ি, ধাক্কাধাক্কি ও মারামারি করে লাইন ধরে সার তুলতে পারেন না।

*কৃষকদের দাবি:*
১. খোলা বাজারে, সাব ডিলার ও লাইসেন্সধারী কীটনাশক দোকানে সরকারিভাবে সার সরবরাহ করলে ৩০/৪০ কেজি প্রয়োজন এমন কৃষকরা সহজে কিনতে পারবেন।
২. বাংলাদেশের উঁচু এলাকার উদ্বৃত্ত সার সরকার কর্তৃক রাজিবপুরের ডিলারদের নামে ডিও প্রদান করা হোক।
৩. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরজমিনে তদন্ত করে কোন কৃষক কতটুকু জমিতে কী ফসল করেছেন তার তালিকা করে স্লিপ দিলে সংকট নিরসন হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, "আমি ও আমার দপ্তরের লোকজন সর্বক্ষণ চেষ্টা করছি যাতে সকল কৃষক ন্যায্য মূল্যে সার পায়। তবে অনেক লোক অগ্রিম সার উত্তোলন করে ভুট্টা চাষের জন্য রাখছে। যতটুকু সমস্যা আছে তা সমাধানে অগ্রিম সারের ডিও করার চেষ্টা করছি, যাতে ফসল উৎপাদনে কোনো ব্যাঘাত না ঘটে এবং মাঠ কর্মীদের সরজমিনে তদন্তের নির্দেশ দিয়েছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েকুল হাসান খান মুঠোফোনে বলেন, "প্রশাসন থেকে যথাসাধ্য চেষ্টা করছি যাতে সকল কৃষক ন্যায্য মূল্যে সার পায় এবং ফসল উৎপাদন বাড়াতে সক্ষম হয়। আর ছোটখাটো যে দু-একটা ঘটনা ঘটেছে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল